ল্যাপটপের র‌্যাম বানাচ্ছে ওয়ালটন

১৮ ডিসেম্বর, ২০১৯ ২২:০৯  
সংযোজন থেকে ধীরে ধীরে পুরোপুরি নির্মাতা প্রতিষ্ঠান হতে যাচ্ছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড। নিজস্ব ব্র্যান্ড নামে ল্যাপটপ তৈরি প্রক্রিয়ায় মাদারবোর্ডের পর এবার ল্যাপটপের জন্য র‌্যামও তৈরি করছে কোম্পানিটি । চলতি মাসেই নিজেদের তৈরি র‌্যাম সংযোজন করেই ল্যাপটপ বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ও কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী। তিনি জানিয়েছেন,  উৎপাদিত র‌্যাম প্রযুক্তিপণ্য উৎপাদক কোম্পানির কাছে বিক্রি করার পাশাপাশি রপ্তানিও করা হবে। এর আগে চলতি বছরের জুনে প্রাথমিকভাবে ৩ মডেলের ডিডিআরফোর র‌্যাম বাজারে ছাড়ে ওয়ালটন। প্রতিটি র‌্যামই ছিলো ৪ গিগাবাইটের। এর মধ্যে ২ মডেলের র‌্যাম ডেক্সটপ কম্পিউটারের জন্য। প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে দেশে প্রথম মোবাইল হ্যান্ডসেট সংযোজন কারখানার যাত্রা শুরু করে ওয়ালটন।  তিন মাসের মাথায় ২০১৮ সালের জানুয়ারিতে দেশে প্রথম কম্পিউটার কারখানাও চালু করে। এর পরই গাজীপুরের কারখানায় দুই স্তরের মাদারবোর্ড বানাতে শুরু করে ওয়ালটন। এর কয়েক মাস পর শুরু হয় মাল্টি লেয়ার মাদারবোর্ড তৈরি। একের পর এক  বিভিন্ন মডেলের গেমিং এবং স্ট্যান্ডার্ড কিবোর্ড ও মাউস, পেন ড্রাইভ এবং ইয়ারফোন তৈরি করে।